ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম

বিনা খরচে মালয়েশিয়ায় যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
বিনা খরচে মালয়েশিয়ায় যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির সরকার। বিমানভাড়াসহ অভিবাসনের সব খরচ ছাড়াই প্রথম দফার কর্মীদের সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাঠানো হবে।

শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত এসেছে।

মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সিকে সরাসরি অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও ৩১২টি এজেন্সিকে সহযোগী নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হচ্ছে। বোয়েসেলও এ প্রক্রিয়ায় থাকবে। সব মিলিয়ে ৩৩৮টি বাংলাদেশি এজেন্সির মালয়েশিয়ার শ্রমবাজারে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

এজেন্সিগুলো মালয়েশিয়ার মানবসম্পদ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ কমিটির মাধ্যমে যাচাই করা হয়েছে।

শ্রমবাজার দ্রুত চালুর জন্য প্রাথমিকভাবে অনুমোদিত ১৬টি মেডিকেল সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। পরে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাংলাদেশে এসে কেন্দ্রগুলো পরিদর্শন করে পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করবে।

বাংলাদেশি কর্মীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ, সরাসরি নিয়োগকারী প্রতিষ্ঠানে যোগদান এবং নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্কও চালু করা হবে।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কর্মী পাঠানোর প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কাউকে কোনো অর্থ না দেওয়া, মেডিকেল পরীক্ষা না করা বা পাসপোর্ট জমা না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।