তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণে মালিকপক্ষের সংশোধিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এ প্রস্তাব সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক শেষে শ্রমিক নেতারা এ প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে সরকারের হস্তক্ষেপে দ্রুত বাস্তবসম্মত ও জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণের দাবি জানান তারা।

বৈঠকে শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা প্রস্তাব করে। অন্যদিকে, মালিকপক্ষ ১৫ হাজার টাকার প্রস্তাব বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের কথা জানায়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতা আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা মালিকপক্ষের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

শ্রমিক নেতারা বলেন, বর্তমান বাজারে এই মজুরিতে শ্রমিকদের জীবনযাপন ও সংসার চালানো কঠিন। তাই শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুত ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।

তবে শ্রমিক নেতা তৌহিদুর রহমান প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেও দর-কষাকষির প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে একটি যৌক্তিক মজুরি নির্ধারণ করা হবে।