ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের

ছবি: -সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের বিশাল সংগ্রহের চাপে শুরুতে কঠিন অবস্থায় পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে শেষ দিনে অধিনায়ক তাওহিদ হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যে বদলে গেছে ম্যাচের চিত্র। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির পর এবার ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

৪৫০ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। একই সঙ্গে দেশের বাইরে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন এই মিডল অর্ডার ব্যাটার।

হৃদয়ের এই দুর্দান্ত ইনিংসের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জাকের আলী। পঞ্চম উইকেটে দুজনের ১৫১ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে। ১৬৮ বলে ৯৪ রান করে মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন জাকের।

এরপর মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে আরও বড় জুটি গড়েন হৃদয়। ষষ্ঠ উইকেটে তাদের জুটিতে আসে ১৮৫ রান। ১৭১ বলে ৮৭ রান করেন সাইফউদ্দিন।

এর আগে প্রথম ইনিংসে ৫১২ রান করে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। স্বাগতিকদের হয়ে লেসেগো সেনোকওয়ানে ১১১ এবং সিনেথেম্বা কেশিল ১২৮ রান করেন। গ্যাভিন কাপলান সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থেমে যান ৯৭ রানে।

জবাবে তৃতীয় দিন শেষে ৩৭১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে ছিল বাংলাদেশ ‘এ’। সেখান থেকে শেষ দিনে অধিনায়ক হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। ব্যক্তিগত মাইলফলক ছাড়িয়ে তার ব্যাটিং এখন বাংলাদেশ ‘এ’ দলকে ম্যাচে বড় সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930