ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

হিস্যা চাইলে সংস্কারেও অংশ নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
হিস্যা চাইলে সংস্কারেও অংশ নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: -সংগৃহীত

জাতীয় সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনায় বিরোধী দলকে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, অতীতে বিরোধী দল থেকে স্থায়ী কমিটির সভাপতি করার নজির রয়েছে। নবম জাতীয় সংসদে বিরোধী দলের দুই সদস্যকে এমন দায়িত্ব দেওয়ার উদাহরণও তুলে ধরেন তিনি। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সরকারের অঙ্গীকার। তবে এর জন্য বিরোধী দলকেও সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নিতে হবে। ইতোমধ্যে সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি পদ বিরোধীদলীয় উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দ্রুত সংবিধান সংশোধনী বিল সংসদে আনা হবে। এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পাশাপাশি সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী হিস্যা দাবি করার পাশাপাশি সহযোগিতার জন্যও এগিয়ে আসতে হবে। সংসদের ভেতরে সব পক্ষকে একসঙ্গে বসে আলোচনা ও বিতর্কের মাধ্যমে সংবিধান সংশোধন ও সনদ বাস্তবায়নের পথ তৈরি করতে হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930