https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ক্লোজআপ ওয়ান তারকা সালমা ও বিশ্বরঙের কর্ণধার এবং ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘প্রেম লীলা’। বিশ্বরঙ প্রেজেন্টসের ব্যানারে প্রকাশিত গানটির সঙ্গে নির্মাণ করা হয়েছে একটি নান্দনিক মিউজিক ভিডিও।
গানটিতে প্রেমের আবেগের সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা উপাদান তুলে ধরা হয়েছে। দেশীয় পোশাক, লোকজ সাজসজ্জা ও নান্দনিক সেটের ব্যবহারে ভিডিওটিতে তৈরি করা হয়েছে বাঙালি সংস্কৃতির আবহ।
‘প্রেম লীলা’র কথা লিখেছেন গীতিকার নির্মল দাস। সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। সালমা ও বিপ্লব সাহার ভিন্নধর্মী দ্বৈত কণ্ঠে গানটি পেয়েছে আলাদা মাত্রা।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বিপ্লব সাহা। চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দা, মেকআপে ছিলেন জাকারিয়া মাসুদ রনি এবং সম্পাদনা করেছেন রাকিব আহমেদ। ভিডিওটির কালার গ্রেডিং করেছেন এস. এম. তুষার।
গান ও ভিডিওতে সংগীতের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও নান্দনিকতার সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।