ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: -সংগৃহীত

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি পরিবেশদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশও দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে দূষণ নিয়ন্ত্রণে আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়।

সভায় প্রধানমন্ত্রী বিশেষভাবে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে সরকারের চলমান উদ্যোগগুলোর বাস্তবায়ন অগ্রগতিও সভায় তুলে ধরা হয়। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930