ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬

কৌশলগত বন্দর মোখা দখলে নিল হুথি বিদ্রোহীরা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
কৌশলগত বন্দর মোখা দখলে নিল হুথি বিদ্রোহীরা

ছবি: -সংগৃহীত

ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনীকে পরাজিত করে লোহিত সাগরের কৌশলগত বন্দরনগরী মোখা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার রক্তক্ষয়ী এক স্থল অভিযানের পর শহর ও গুরুত্বপূর্ণ বন্দরের নিয়ন্ত্রণ তারা নেয় বলে জানিয়েছেন ইয়েমেনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা।

মোখা শহরটি নিয়ে গত কয়েক দিন ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও হুথিদের মধ্যে তীব্র লড়াই চলছিল। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখলের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ২০২২ সালে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি সম্প্রতি ভেঙে পড়ার পর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।

মোখা দক্ষিণ লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি থেকে ৫০ মাইলেরও কম দূরে অবস্থিত। ফলে শহরটির নিয়ন্ত্রণ হুথিদের হাতে যাওয়াকে ইয়েমেন সংঘাতের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ এই নৌপথের কাছে অবস্থান শক্তিশালী হওয়ায় বিশ্ব বাণিজ্য ও তেলের বাজারে হুথিদের প্রভাব বাড়তে পারে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা নিউ আমেরিকার ইয়েমেনবিষয়ক ফেলো অ্যাডাম বারন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেন সংঘাতের অন্যতম বড় মোড় এটি। হুথিরা আরও দক্ষিণে অগ্রসর হলে বাব আল-মান্দেব ও হরমুজ—দুটি গুরুত্বপূর্ণ নৌপথই ইরান ও তার সহযোগীদের প্রভাবের আওতায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে মোখা ইয়েমেন সরকারের অনুগত লেফটেন্যান্ট জেনারেল তারেক সালেহের নিয়ন্ত্রণে ছিল। শহরটির নিয়ন্ত্রণ হারানোর পর তিনি বাহিনীকে পুনর্গঠনের পাশাপাশি নিরাপদ স্থানে বিকল্প কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দিয়েছেন।

হুথিদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেনের জলসীমায় আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তায় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর অংশ হতে তারা প্রস্তুত। একই সঙ্গে সৌদি আরবকে ইয়েমেনে হামলা বন্ধে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা। মোখার নিয়ন্ত্রণ হারানো সৌদি আরব ও তাদের ইয়েমেনি মিত্রদের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930