https://timenewsbangla.com

যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা চারটি বিমান দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন ও পেনসিলভেনিয়ায় হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন।
পেন্টাগনে আয়োজিত মূল স্মরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিউইয়র্কের ‘গ্রাউন্ড জিরোতে’ শ্রদ্ধা নিবেদনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, বারাক ওবামা ও জো বাইডেন।
অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ২৫ বছর আগের হামলায় নিহতদের যুক্তরাষ্ট্র কখনো ভুলবে না। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গ তুলে বলেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।
এবারের স্মরণ আয়োজনে হামলার সময় বিমান আঘাত ও ভবন ধসের স্মরণে প্রচলিত ছয়টি ঘণ্টাধ্বনির পাশাপাশি প্রথমবারের মতো সপ্তম ঘণ্টাধ্বনি বাজানো হয়। হামলার পর বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালির সংস্পর্শে এসে পরবর্তী সময়ে মারা যাওয়া মানুষদের স্মরণে এই ঘণ্টাধ্বনি দেওয়া হয়।
নিহতদের স্বজনদের পক্ষ থেকে সৌদি আরবের ভূমিকার জবাবদিহি নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। হামলায় অংশ নেওয়া ১৯ ছিনতাইকারীর অধিকাংশই সৌদি নাগরিক ছিলেন।
নিউইয়র্কের পাশাপাশি পেনসিলভেনিয়া ও কানাডার গান্ডারেও নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।