https://timenewsbangla.com

ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত মার্কিন পক্ষের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই। পরবর্তী পোস্টে তিনি আরও স্পষ্ট করে বলেন, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত মায়ুন বা পেরিম দ্বীপ দখলের পর এ দাবি করেছে তারা। প্রণালির মাঝামাঝি অবস্থানের কারণে দ্বীপটি সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ।
এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা চালায় হুথিরা। হামলার পর পাইপলাইনটির তেল সরবরাহ বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে ট্রাম্প সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।