চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে মাসকাটফেরত এক যাত্রীর কাছ থেকে ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সালামএয়ারের একটি ফ্লাইটে মাসকাট থেকে আসা যাত্রী মোহাম্মদ হাসান মুরাদের ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। বিমানবন্দরের কাস্টমস হলরুমে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরা এ তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে যাত্রীর ব্যাগেজের ভেতর স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো পেস্টজাতীয় স্বর্ণসদৃশ পদার্থ পাওয়া যায়। পরে স্বর্ণ কারিগরের মাধ্যমে তা প্রক্রিয়াজাত করা হলে সেখান থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের একটি স্বর্ণপিণ্ড পাওয়া যায়।
এ ছাড়া দেহ তল্লাশির সময় তার প্যান্টের পকেট থেকে বিভিন্ন ধরনের ৩৫টি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ১০৬ গ্রাম। সব মিলিয়ে আটক স্বর্ণের পরিমাণ দাঁড়ায় ৫৩১ গ্রাম।
কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, বিশেষ কৌশলে স্বর্ণ লুকিয়ে আনার ঘটনায় যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।
এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত কি না, উদ্ধার করা স্বর্ণের উৎস ও গন্তব্য এবং এর নেপথ্যে কারা রয়েছে—এসব বিষয়েও তদন্ত করা হবে।



মন্তব্য করুন