ছুটির দিনেও ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭৩। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ২১০ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর। ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল মালয়েশিয়ার কুচিং। পাকিস্তানের লাহোর ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় এবং ভারতের কলকাতা ১৬০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল।

বায়ুমানের সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর হলে বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।

এ ধরনের দূষিত বাতাসে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাইরে অবস্থান ও শারীরিক কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। সুস্থ ব্যক্তিদেরও দীর্ঘ সময় বাইরে থাকা এড়িয়ে চলার পরামর্শ রয়েছে।