সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলার জবাবে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের জ্যেষ্ঠ গবেষক নওয়াফ ওবায়েদ আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) তিনি বলেন, হুথিদের হুমকি মোকাবিলায় একটি আঞ্চলিক সামরিক জোট সমন্বিতভাবে কাজ করছে। তার দাবি, সম্ভাব্য জবাব হবে বড় পরিসরের এবং স্থল, সমুদ্র ও আকাশ—তিন দিক থেকেই একযোগে হামলা চালানো হতে পারে।

ওবায়েদের মতে, সংশ্লিষ্ট দেশগুলো ইতোমধ্যে সৌদি আরবে সামরিক সরঞ্জাম জড়ো করতে শুরু করেছে। লোহিত সাগরেও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। তুরস্ককে এই প্রস্তুতিতে অন্যতম অংশগ্রহণকারী দেশ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সীমিত পরিসরে মিসরও যুক্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়া সৌদি আরব ও ইয়েমেন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের কথাও জানিয়েছেন এই গবেষক।

তিনি বলেন, বাইরে থেকে দেখলে সৌদি আরবকে হুথিদের বিরুদ্ধে একা লড়াই করতে দেখা গেলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। মাঠপর্যায়ে একাধিক দেশ ও বাহিনীর সমন্বিত প্রস্তুতি চলছে বলে দাবি করেন তিনি।

তবে সম্ভাব্য অভিযান শুরু করতে সময় নেওয়া হচ্ছে বলেও জানান ওবায়েদ। তার মতে, একাধিক বাহিনীকে নিয়ে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকে। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলো সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা দাবিগুলো এখনো সম্ভাব্য সামরিক প্রস্তুতি ও বিশ্লেষকের বক্তব্য হিসেবে সামনে এসেছে; অভিযান শুরু হওয়ার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য উল্লেখ করা হয়নি।