ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে রেকর্ডসংখ্যক ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। গত ২৩ সেপ্টেম্বর ১০টি ছোট নৌকায় করে তারা ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছান বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ ও কোস্টগার্ড।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এটাই এখন পর্যন্ত একদিনে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশের সর্বোচ্চ সংখ্যা। তবে আগের বছরের তুলনায় চলতি বছরে সামগ্রিক আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৮ হাজার ৫৫৬ জন অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। ২০২৫ সালে একই সময়ে এই সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৮ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আগমন কমেছে প্রায় ৪২ শতাংশ।

২৩ সেপ্টেম্বরের আগে ২১ ও ২২ সেপ্টেম্বরও তিনটি ছোট নৌকায় প্রায় ১৫০ জন চ্যানেল পাড়ি দেন। এর আগে টানা পাঁচ দিন কোনো ছোট নৌকা যুক্তরাজ্যের উদ্দেশে চ্যানেল অতিক্রম করেনি।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২০ ডিসেম্বর একদিনে ৮০৩ জন যুক্তরাজ্যে পৌঁছেছিলেন। আর সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ দৈনিক আগমন রেকর্ড হয়েছিল ২০২২ সালের ৩ সেপ্টেম্বর—সেদিন ১ হাজার ৩০৫ জন অভিবাসনপ্রত্যাশী চ্যানেল পাড়ি দিয়েছিলেন।

ছোট নৌকায় অভিবাসনপ্রত্যাশীদের আগমন ঠেকাতে সরকার নতুন আইন, অতিরিক্ত জনবল ও বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির উপনেতা লুসি পাওয়েল। তিনি বলেন, সরকার এই প্রবাহ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং এ বিষয়ে আরও কাজ করা প্রয়োজন।

ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ। আবহাওয়া অনুকূল ও সমুদ্র তুলনামূলক শান্ত থাকলে এই পথে ছোট নৌকায় পারাপারের ঘটনা সাধারণত বেড়ে যায়। গ্রীষ্মকাল, বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এ ধরনের আগমন বেশি দেখা যায়।