বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (৩ অক্টোবর) তিনি সফরের জন্য ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরের প্রথম ধাপে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠেয় ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন। এ সময় তিনি বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়ের সুযোগ পাবেন।
সফরসূচির অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটিও পরিদর্শন করবেন।
অস্ট্রেলিয়া সফর শেষে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে অনুষ্ঠেয় ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ তিনি অংশগ্রহণ করবেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।

মন্তব্য করুন