দীর্ঘ ৪৩ বছরের সম্পর্কের ইতি টেনে সিএনএন ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ও সংবাদমাধ্যমটির চিফ ইন্টারন্যাশনাল অ্যাঙ্কর ক্রিশ্চিয়ান আমানপুর। আগামী বছরের জুনে আনুষ্ঠানিকভাবে সিএনএন ছাড়বেন ৬৮ বছর বয়সী এই সাংবাদিক। দীর্ঘদিনের কর্মজীবন শেষে নতুন ও আকর্ষণীয় কাজের দিকে মনোযোগ দিতে চান তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সহকর্মীদের পাঠানো এক স্মারকপত্রে সিএনএনের চেয়ারম্যান মার্ক থম্পসন আমানপুরের প্রতিষ্ঠান ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। এর আগে আমানপুর নিজেও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

সিএনএন ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে আমানপুর বলেন, অনেক মাস ধরে চিন্তাভাবনা এবং বেশ কয়েকটি নির্ঘুম রাত কাটানোর পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রতিষ্ঠানটির স্বাধীন সাংবাদিকতার ঐতিহ্যের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। সাংবাদিকতার মূলনীতি তুলে ধরে তিনি বলেন, ‘সব সময় সত্যনিষ্ঠ হবেন, নিরপেক্ষ নয়।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন আমানপুর ২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে ‘আমানপুর’ নামের রাতের সাক্ষাৎকার অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন। প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক গুটিয়ে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ২০২৫ সালের জানুয়ারি থেকে অনুষ্ঠানটির প্রচারসংখ্যা কমানো হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে এটি সপ্তাহে এক দিন প্রচারিত হবে এবং মে মাসে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটবে। তবে জুনে সিএনএন ছাড়ার আগপর্যন্ত তিনি সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির কাজ চালিয়ে যাবেন।

সিএনএন চেয়ারম্যান মার্ক থম্পসন জানান, আমানপুরের সঙ্গে এ বিষয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। তাঁর ভাষায়, আমানপুরের বিদায়ে তিনি ব্যক্তিগতভাবে দুঃখিত হলেও সাংবাদিকটির ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য সময়টি উপযুক্ত বলে মনে করছেন। তিনি আমানপুরকে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য ও জনপ্রিয় সাংবাদিক হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিক বিদায় আয়োজনের পরিকল্পনার কথাও জানান।

নিজের বিদায়বার্তায় আমানপুর সহকর্মী, অনুষ্ঠানটির দল এবং মাঠপর্যায়ের সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রথম উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে বসনিয়া, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন ও ইরানের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। এসব প্রতিবেদন তৈরিতে দলীয় সহযোগিতা, মানবিকতা এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্য তুলে ধরার প্রচেষ্টাকে বিশেষ গুরুত্ব দেন এই সাংবাদিক।

এদিকে, পিবিএসে প্রচারিত তাঁর অনুষ্ঠান ‘আমানপুর অ্যান্ড কোম্পানি’ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। তবে প্রাক্তন স্বামী জেমি রুবিনের সঙ্গে যৌথভাবে পরিচালিত ‘দ্য এক্স ফাইলস’ পডকাস্ট অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন আমানপুর।

চার দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমানপুরের বিদায় সিএনএনের দীর্ঘ কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।