দেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ৫ অক্টোবর দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, ভূমি-সংক্রান্ত জটিলতা এবং উন্নয়ন নিয়ে তাদের নানা বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
রাষ্ট্রপতি বলেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে নিজেদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে তাদেরও আরও উদ্যোগী হতে হবে। নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব।’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।
ভূমি-সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, নিজেদের অধিকার রক্ষায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এসব সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির পানগাছ কাটার প্রসঙ্গও উঠে আসে বৈঠকে। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ও শিক্ষার মানোন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। আগামী পহেলা বৈশাখে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে বঙ্গভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাবেও তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাধারণ সম্পাদক শিশির দিওসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন