কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম উন্নয়ন ও মাইগ্রেশনের কারণে দেশের ৩০টি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক গ্রাহকদের এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। একটি ব্যাংকের ক্ষেত্রে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত ক্রেডিট ও প্রিপেইড কার্ড, কিউ-ক্যাশের আওতাভুক্ত এটিএম, সিআরএম ও পিওএস সেবা বন্ধ থাকবে।
তবে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে। অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস এবং বাংলা কিউআরসহ কিছু বিকল্প সেবাও চালু থাকবে।
গ্রাহকদের অভিযোগ, অনেক ব্যাংক সেবা বন্ধের বিষয়টি যথেষ্ট আগে জানায়নি। ফলে প্রয়োজনের সময় এটিএম বা কার্ড ব্যবহার করতে গিয়ে অনেকে সমস্যায় পড়েছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, কিউ-ক্যাশের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যাংকগুলো নিজেরাই নিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি আগে জানানো হয়নি।
তিনি বলেন, গ্রাহকদের আগাম জানানো উচিত ছিল। হঠাৎ সেবা বন্ধ হওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

মন্তব্য করুন