সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা জোট সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে তিন দেশ। ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে সোমবার রিয়াদে উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের নিরাপত্তা জোরদারে দ্রুত সামরিক সক্ষমতা ও প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হবে। নিজ নিজ দেশের আইন ও চুক্তির শর্ত মেনেই এই মোতায়েন প্রক্রিয়া সম্পন্ন হবে।

জোটের পক্ষ থেকে সৌদির শহর, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি দেশটির আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সৌদি সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করা হয়।

রিয়াদের বৈঠকে তিন দেশের শীর্ষ কূটনৈতিক, প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তারা অংশ নেন। একই বৈঠকে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুমান মাহমুদকে তিন বছরের জন্য মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়।

গত ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।