বাগেরহাটের মোংলায় ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে চীন। স্মল মডুলার রিয়্যাক্টর বা এসএমআর প্রযুক্তির এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশে এ ধরনের প্রযুক্তির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে এটি।

প্রস্তাব অনুযায়ী, মোংলা অর্থনৈতিক অঞ্চল এলাকায় প্রায় ১১০ একর জমিতে কেন্দ্রটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে এসএমআর প্রযুক্তি ব্যবহার করে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

প্রাথমিক আলোচনায় প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশকে বিনামূল্যে জমি দেওয়ার বিষয়টিও উঠে এসেছে। গত আগস্টে চীন থেকে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সরকারের বৈঠকে দ্বিপক্ষীয়ভাবে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চীনের প্রস্তাবিত এসএমআর প্রযুক্তি ও প্রকল্পের বিভিন্ন দিক মূল্যায়ন করা হবে। এরপরই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এসএমআর তুলনামূলক ছোট আকারের পারমাণবিক চুল্লি, যা প্রচলিত বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তুলনায় কম ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়।

বর্তমানে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রই বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এর দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

চীনের নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বড় প্রকল্পের পাশাপাশি ক্ষুদ্র মডুলার রিয়্যাক্টর প্রযুক্তিরও সংযোজন ঘটবে।