বেশ কয়েক বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। বিভিন্ন সময় একসঙ্গে জন্মদিন ও বিশেষ দিন উদযাপনের ছবি-ভিডিওতেও তাদের ঘনিষ্ঠতার বিষয়টি দেখা যায়। তবে সম্পর্কের পরিণতি হিসেবে এখনই বিয়ের সিদ্ধান্ত নিতে চান না কৌশানি।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-এর প্রচারে গিয়ে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেত্রী। এ বছরই বিয়ের পিঁড়িতে বসছেন—এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে কৌশানি বলেন, তাদের মধ্যে এমন কিছু হয়নি যে এখনই বিয়ে করতে হবে।
কৌশানির ভাষায়, প্রতিটি সম্পর্কের পরিণতি বিয়ে হলেও তিনি বর্তমানে যেভাবে আছেন, তাতেই ভালো আছেন। বনি সেনগুপ্তের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো যাচ্ছে বলে জানান তিনি।
অভিনেত্রী বলেন, শুধু বয়স বা জৈবিক সময়ের হিসাব করে বিয়ে করতে চান না। নিজের মন থেকে যখন মনে হবে বিয়ের জন্য তিনি প্রস্তুত, তখনই সিদ্ধান্ত নেবেন।
বিয়ে নিয়ে পরিবারের মধ্যেও মাঝেমধ্যে আলোচনা হয় বলে জানান কৌশানি। তার বাবা মেয়ের ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তা করেন এবং বিয়ের প্রসঙ্গ তুলতে চান। তবে মেয়ের বকুনি খাওয়ার ভয়ে অনেক সময় বিষয়টি আর এগিয়ে নেন না।
কৌশানি জানান, তার বাবা-মাও মেয়ের ইচ্ছাকে গুরুত্ব দেন। তাই বিয়ের বিষয়ে কোনো চাপ নয়, বরং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চান এই অভিনেত্রী।

মন্তব্য করুন