বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে আলজেরিয়া থেকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী মোহামেদ আরকাব নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

বুধবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমঝোতার আওতায় জিটুজি ভিত্তিতে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির পাশাপাশি বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের দক্ষতা বাড়াতে আলজেরিয়ার জ্বালানি খাতের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের জ্বালানিমন্ত্রী।

সমঝোতা স্মারক সইয়ের পর ইকবাল হাসান মাহমুদ বলেন, এ উদ্যোগ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এর মাধ্যমে আফ্রিকার একটি বিকল্প উৎস থেকে সরকারি পর্যায়ে জ্বালানি আমদানির সুযোগ তৈরি হবে।

এর আগে ২০ অক্টোবর আলজেরিয়ার খনি ও খনিজ শিল্পবিষয়ক মন্ত্রী মুরাদ হানাফি এবং জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক মন্ত্রী মুরাদ আদজালের সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের জ্বালানিমন্ত্রী। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।