সমুদ্রের নীল জলরাশি, মনোরম প্রকৃতি আর নিজের মতো করে সময় কাটানো, এভাবেই ছুটির দিনগুলো উপভোগ করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে শ্রীলঙ্কার মিরিসা সৈকতে অবকাশ যাপন করছেন তিনি। সেখানকার ভ্রমণের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে একা ঘুরতে পছন্দ করার কারণও জানিয়েছেন এই অভিনেত্রী।
মিরিসার কোকোনাট বিচ বা কোকোনাট ট্রি হিল থেকে ধারণ করা একটি ভিডিওতে জায়গাটির সৌন্দর্য, মনোরম দৃশ্য ও চমৎকার আবহাওয়ার কথা তুলে ধরেন প্রভা।
আরেকটি ভিডিওতে তিনি জানান, অনেকেই তাকে প্রশ্ন করেন, একা একা ঘুরতে গিয়ে বিরক্ত লাগে কি না। তবে প্রভার মতে, ঘোরার জায়গা যদি এমন সুন্দর হয়, তাহলে একা থাকলেও বিরক্ত হওয়ার সুযোগ নেই।
একাই ঘুরতে যাওয়ার কারণ ব্যাখ্যা করে প্রভা বলেন, তার বন্ধুদের দীর্ঘ সময় হাঁটতে ভালো লাগে না। কোথাও যেতে বললে কেউ পায়ের ম্যাসাজ, কেউ দুপুরের খাবারের সময় কিংবা বেশি হাঁটার অজুহাত দেখান। তাই বন্ধুদের এসব ঝামেলা এড়িয়ে নিজের মতো ঘুরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
শুধু ঘোরাঘুরিই নয়, সমুদ্রের মনোরম পরিবেশে সাঁতার কাটার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তার ভ্রমণের মুহূর্তগুলো ভক্তদের মধ্যেও তৈরি করেছে আগ্রহ।

মন্তব্য করুন