বলিউড অভিনেতা রণবীর কাপুরের এক মন্তব্য ঘিরে বিনোদনজগতে আলোচনা তৈরি হয়েছে। তার দাবি, বিশ্বের প্রযুক্তি দুনিয়ায় উড়ন্ত গাড়ি নিয়ে আলোচনার বহু আগে, প্রায় পাঁচ হাজার বছর আগেই ভারতে উড়ন্ত যান ছিল। এ প্রসঙ্গে তিনি হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’-এ বর্ণিত পুষ্পক বিমানের কথা তুলে ধরেছেন।
আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর প্রচারণামূলক সাক্ষাৎকার অনুষ্ঠান ‘স্টার টকস’-এ অংশ নিয়ে এ মন্তব্য করেন রণবীর। নীতিশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহশিল্পী ইয়াশ, রবি দুবে, রাকুল প্রীত সিং ও পরিচালক নীতিশ তিওয়ারি।
অনুষ্ঠানে প্রাচীন যুগের অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি নিয়ে আলোচনার একপর্যায়ে রণবীর বলেন, ‘ইলন মাস্ক সম্প্রতি একটি উড়ন্ত গাড়ি উদ্ভাবন করেছেন। কিন্তু আমার মনে হয়, ভারত আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগেই তা তৈরি করে দেখিয়েছে।’
তার এই মন্তব্যের মধ্য দিয়ে আলোচনায় আসে পৌরাণিক কাহিনির পুষ্পক বিমান। রামায়ণের বর্ণনা অনুযায়ী, এটি ছিল একটি অলৌকিক আকাশযান। লঙ্কার রাজা রাবণের অধিকারে থাকা এই বিমানে চড়েই রাবণকে পরাজিত করার পর রাম অযোধ্যায় ফিরে যান।
মহাকাব্যের কাহিনি অনুসারে, দেব-স্থপতি বিশ্বকর্মা ব্রহ্মার জন্য পুষ্পক বিমান নির্মাণ করেন। পরে এটি কুবেরের হাতে যায়। রাবণ কুবেরকে পরাজিত করে বিমানটি দখল করেন। কাহিনিতে বিমানটির ইচ্ছামতো চলাচল এবং প্রয়োজন অনুযায়ী আকার ও ধারণক্ষমতা পরিবর্তনের ক্ষমতার কথাও উল্লেখ রয়েছে।
এদিকে ইয়াশও সিনেমাটির আধুনিক উপস্থাপনার প্রশংসা করেছেন। দুই পর্বে নির্মিত ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় ইয়াশ এবং হনুমান চরিত্রে সানি দেওল অভিনয় করছেন। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন এ আর রহমান ও হ্যান্স জিমার।

মন্তব্য করুন