যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। নির্বাচনের ফল প্রকাশের পর কমেছে শেয়ারবাজারের সূচক, এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মার্কিন ডলারের দাম। একই সঙ্গে ক্রিপ্টোকারেন্সির বাজারেও দেখা দিয়েছে দরপতন।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত নির্বাচনের ফলাফলে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক বিরোধ বাড়ার আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়তে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। এতে দ্রুত সম্প্রসারিত এই খাতের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কায় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে দরপতন দেখা গেছে।

বাজারের তথ্য অনুযায়ী, বুধবার এসঅ্যান্ডপি ৫০০ সূচকের আগাম লেনদেনে দর কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। নাসডাক সূচক একপর্যায়ে ২ শতাংশের বেশি কমলেও পরে পতন কমে দাঁড়ায় শূন্য দশমিক ৫ শতাংশে। ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোর আগাম লেনদেনেও দর কমেছে।

এশিয়ার বাজারেও এআই-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারে চাপ দেখা গেছে। স্যামসাং, এসকে হাইনিক্স ও টিএসএমসির শেয়ারদর শুরুতে উল্লেখযোগ্যভাবে কমে যায়।

এদিকে ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীদের একটি অংশ যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের দিকে ঝুঁকেছেন। এতে বন্ডের দাম বেড়েছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর ওয়াশিংটনে রাজনৈতিক অচলাবস্থা এবং প্রযুক্তি খাতে নতুন নিয়ন্ত্রণের সম্ভাবনা বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। তবে প্রাথমিক ধাক্কার পর কিছু বিনিয়োগকারী কম দামে শেয়ার কেনার সুযোগও খুঁজছেন।