বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৪ ডলার ৪২ সেন্টে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে হয় ৯৬ ডলার ৫৯ সেন্ট।
এর আগে আগের কার্যদিবসে ব্রেন্টের দাম প্রায় চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা এবং ইরান যুদ্ধের পরিস্থিতি জ্বালানি বাজারে নতুন চাপ তৈরি করছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলছে।
এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত কমেছে ৫২ লাখ ৭০ হাজার ব্যারেল। অথচ বিশ্লেষকেরা সেখানে ৮ লাখ ৮০ হাজার ব্যারেল মজুত বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন।
অন্যদিকে গ্যাসোলিনের মজুত বেড়েছে ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল। ডিজেলের মতো পরিশোধিত জ্বালানির মজুত কমেছে ১১ লাখ ৯০ হাজার ব্যারেল।
যুক্তরাষ্ট্রের জ্বালানি মজুতের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশের পর বাজারের পরবর্তী গতিপথ আরও স্পষ্ট হতে পারে।

মন্তব্য করুন