হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে। দুই দিনের অভিযানে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।

রোববার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ তল্লাশি করা হয়।

তল্লাশিতে তার ব্যাগ থেকে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে এসব পণ্য জব্দ করেন কর্মকর্তারা।

এনবিআর জানায়, সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার তথ্য রয়েছে। একই বছরে আবারও সমপরিমাণ স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবার তা আটক করা হয়েছে।

অন্যদিকে, ৭ নভেম্বর কাতার থেকে আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা এসব সিগারেট জব্দ করেন।

এনবিআর আরও জানিয়েছে, যাত্রীদের ব্যাগেজে ই-সিগারেট বা ভেপ বহনের প্রবণতা নতুন করে দেখা যাচ্ছে। রাজস্ব সুরক্ষা এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

অবৈধ পণ্য আমদানি ও চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।