শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির গণমাধ্যম বিভাগ এ তথ্য জানিয়েছে। মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানিয়েছে, সাভার ও আশুলিয়ায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম চলছে।
শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, শরীরে সংযুক্ত ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন