বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবেরি গ্রুপ। উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন ও লিজিং খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বৈঠক করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) হাইবেরি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন, লিজিং এবং সম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন উইলিয়াম প্রোথেরো।
বৈঠকে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়ন করে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিতে সরকার কাজ করছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটিকে আরও শক্তিশালী ও লাভজনক করতে উড়োজাহাজের বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন উড়োজাহাজ সরবরাহের আগপর্যন্ত চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। এ ক্ষেত্রে উড়োজাহাজের উড্ডয়নকাল, রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত বিষয় যাচাই করা হবে।
দেশের ক্রমবর্ধমান আকাশপথে পণ্য পরিবহনের চাহিদার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিমানের বহরে থাকা দুটি উড়োজাহাজকে সম্পূর্ণ কার্গো পরিবহনের উপযোগী বা ডেডিকেটেড ফ্রেইটারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এতে দেশের কার্গো চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে এবং বিমানের আয়ও বাড়তে পারে।
হাইবেরি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানান মন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ, উড়োজাহাজ লিজিং, অর্থায়ন এবং কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন