দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা নাশকতার ঘটনাকে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার সুযোগ নেই।
তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের ভেতরে অবস্থান করে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপচেষ্টা মোকাবিলা করছে বলে দাবি করেন তিনি।
তৈরি পোশাকশিল্পের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কোনোভাবেই যাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, পুলিশের ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করলে আগের বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার কম দেখা যাবে। তাঁর দাবি, নিরপেক্ষ তুলনা না করে আংশিক তথ্য উপস্থাপনের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় রাতের ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও নাশকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের ভেতরে ও সীমান্তের ওপারে থাকা ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারের কাছে তথ্যপ্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

মন্তব্য করুন