সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি এখনো উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো চালু করতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার। একই সঙ্গে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা দেশের চামড়াশিল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে। সরকার এখন এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নিচ্ছে। উৎপাদনে যেতে না পারা কারখানাগুলো সচল করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে।

তিনি আরও জানান, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, গত বছর বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য মিলিয়ে প্রায় ১৭৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাজার। এ সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের মান ও পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি জানান, এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এ খাতের উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে এসএমই ফাউন্ডেশন পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং টেকসই শিল্পায়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস।