নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক অপেক্ষমাণ শিক্ষার্থীর তালিকা তৈরি করতে হবে। নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী নেওয়া হবে।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ৫০। বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। সময় দুই ঘণ্টা।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে অনুযায়ী জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় পাবে।
ঢাকার বিদ্যালয়ে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং অন্যান্য এলাকার শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ আসন থাকবে।
এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, এতিম শিশুদের জন্য ১ শতাংশ এবং ভাই-বোনসহ কয়েকটি ক্ষেত্রে নির্ধারিত কোটা রাখা হয়েছে।
নীতিমালায় প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম শ্রেণির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি কার্যক্রমে অনিয়ম হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন