বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় দেশের আমদানি ব্যয় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পণ্য আমদানির জন্য ২ হাজার ৯৭৮ কোটি ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ ২৫ শতাংশ বেশি। আমদানি ব্যয় বৃদ্ধির পাশাপাশি ডলারের চাহিদা বাড়ায় বৈদেশিক মুদ্রাবাজারেও চাপ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে এলসি নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৪৮৬ কোটি ডলারের। বিপরীতে রপ্তানি আয় এসেছে ১ হাজার ৭০৪ কোটি ডলার। ফলে প্রথম চার মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৭৮২ কোটি ডলার। আগের তিন মাসে এ ঘাটতি ছিল ৭৪৭ কোটি ডলার।

অন্যদিকে, জুলাই-অক্টোবর সময়ে প্রবাসীরা দেশে ১ হাজার ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১২ দশমিক ৯৭ শতাংশ বেশি। তবে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও আমদানি দায় পরিশোধসহ বিভিন্ন খাতে ডলারের চাহিদা বেশি থাকায় বিনিময় হার ঊর্ধ্বমুখী হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকাররা।

গতকাল আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার সর্বোচ্চ ১২৪ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়েছে। গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৬৫ পয়সা। আগের দিন এ হার ছিল ১২৪ টাকা ৪২ পয়সা।

এদিকে, বৈদেশিক মুদ্রাবাজারের চাপ সামাল দিতে সম্প্রতি কয়েকটি ব্যাংকের কাছে ২২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে মোট রিজার্ভ ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। বিপিএম৬ পদ্ধতিতে এর পরিমাণ ৩০ দশমিক ১৩ বিলিয়ন ডলার।

আমদানি ব্যয়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে জ্বালানি খাতের ব্যয়। প্রথম তিন মাসে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে খরচ হয়েছে ৪২২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০৫ শতাংশ বেশি। ভোগ্যপণ্য আমদানিতে ব্যয় বেড়েছে ২৬ দশমিক ৫০ শতাংশ। তবে মূলধনি পণ্য আমদানি কমেছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন বাকিতে এলসি খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধায় পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন আমদানিকারকরা।