রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, সাজেক পর্যটনকেন্দ্র পুনরায় চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো নতুন নির্দেশনা বা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি।
এদিকে খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাজেক ভ্যালি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমিতির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে তা জানানো হবে।
বিজ্ঞপ্তিতে পর্যটকদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রিসোর্ট ও গাড়ি বুকিংয়ের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ জানিয়েছে, স্থানীয়দের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলবে। সংগঠনটি পর্যটকদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাজেকের উদ্দেশে যাত্রা না করার আহ্বান জানিয়েছে।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ সাজেকের উদ্দেশে রওনা হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে তার দায় সংশ্লিষ্ট কমিটিগুলো বহন করবে না।
এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, পর্যটন সড়কে অবরোধ এখনো চলছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং প্রশাসনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন