মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর স্থানীয় সময় বিকেল ৪টার দিকে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন স্থগিতের নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটি এবং পুরোনো নেটওয়ার্ক রাউটারে অতিরিক্ত ডেটার চাপের কারণে এই বিপর্যয় ঘটে। তবে প্রাথমিক তদন্তে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এই বিপর্যয়ে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়। আকাশে থাকা উড়োজাহাজগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে অপেক্ষমাণ কোনো বিমান উড্ডয়ন করতে পারেনি। এর প্রভাব যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়ে। কানাডা ও ইউরোপের বিভিন্ন রুটেও ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটে।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, এখন পর্যন্ত এই ঘটনার পেছনে কোনো বিদ্বেষপূর্ণ হামলার আলামত পাওয়া যায়নি। এটি মূলত টেলিযোগাযোগ ব্যবস্থার প্রযুক্তিগত বিভ্রাট। বিষয়টি প্রেসিডেন্টকেও অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা থেকে শুরু করে সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ অবকাঠামোর দুর্বলতাকে আবারও সামনে এনেছে। দেশটির এফএএর ব্যবস্থায় এখনো কয়েক দশক আগের প্রযুক্তির ব্যবহার রয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে ব্যবহৃত ফ্লপি ডিস্কের ব্যবহারও পুরোপুরি বন্ধ হয়নি। ২০২৮ সালের শেষ নাগাদ ৪০০টির বেশি কেন্দ্রে ফ্লপি ডিস্কের ব্যবহার বন্ধের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
এদিকে ফ্লাইট স্থগিতের ঘটনায় বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন হাজার হাজার যাত্রী। ডিপারচার বোর্ডে একের পর এক ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘোষণা আসতে থাকে। গেটগুলো পূর্ণ হয়ে যাওয়ায় কিছু উড়োজাহাজ ট্যাক্সিওয়েতেও আটকে পড়ে।
চার ঘণ্টার বেশি সময়ের এই বিপর্যয় যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি করেছে। যদিও উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, তবে বাতিল ও বিলম্বিত ফ্লাইটের কারণে যাত্রীদের ভোগান্তি কাটতে সময় লাগতে পারে।

মন্তব্য করুন