ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান ক্রুজ লাইনসের ‘আমেরিকান হেরিটেজ’ নামের যাত্রীবাহী জাহাজটিতে ‘আটলান্টিক অ্যাসফল্ট’ নামের একটি ট্যাংকার ধাক্কা দেয়। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের স্বদেশ নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মালিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সব ধরনের সম্পদ কাজে লাগানো হচ্ছে। এ ঘটনায় তার বিভাগ স্থানীয় ও রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
নিউ অরলিন্সের মেয়র কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার পর একাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত অন্তত ১৪ জনকে পানি থেকে উদ্ধার করা হয়েছে।
মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকাজের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকায় নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে ক্রুজ জাহাজটিকে একপাশে কাত হয়ে থাকতে দেখা গেছে। পোর্ট অব নিউ অরলিন্সের কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য অ্যাডভোকেট জানিয়েছে, দুর্ঘটনার সময় জাহাজটিতে ১২৯ জন যাত্রী ছিলেন।
আমেরিকান ক্রুজ লাইনস এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী ও ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান পরিচালনায় তারা কোস্ট গার্ড ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
তবে দুর্ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এবং নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন