সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে তুরস্ক। শনিবার (১৪ নভেম্বর) দেশটির সরকারি গেজেটে এ সংক্রান্ত আইন প্রকাশের মধ্য দিয়ে অনুমোদন প্রক্রিয়া শেষ হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ নভেম্বর তারিখের আইনটি সরকারি গেজেটে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। এর আগে ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে।

গত ৭ আগস্ট মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির মূল লক্ষ্য তিন দেশের মধ্যে সামরিক সমন্বয়, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও জোরদার করা। এর মাধ্যমে দেশগুলোর পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তিন দেশের এই প্রতিরক্ষা চুক্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে নতুন এই সামরিক সমঝোতা আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

তবে চুক্তিটির আনুষ্ঠানিক কার্যকারিতা সম্পূর্ণ করতে আরও একটি প্রক্রিয়া বাকি রয়েছে। একটি যৌথ কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সচিবালয়ে চূড়ান্ত অনুসমর্থন দলিল জমা দেওয়ার পর এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

তুরস্কের আইনি অনুমোদনের ফলে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হওয়ার পথ আরও এগিয়েছে।