রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে একই এলাকার ছয়জন সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। পথে বাসের লোকজনের সঙ্গে তাদের ভাড়া নিয়ে বিরোধ বাধে। তারাগঞ্জ এলাকায় পৌঁছালে আতিক নামে একজনকে বাসে আটকে রেখে বাকিদের নামিয়ে দেওয়া হয়।
পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে উঠলে বাসের কর্মীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির পর বাসের লোকজন লাথি মেরে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে।
আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটি থামানো হয়। পরে চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে কোনো সড়ক দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে জানান, বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন