যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে আছড়ে পড়ছে বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউ। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ৫০ ফুট ছাড়িয়ে গেছে। এতে উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। ঝুঁকি বিবেচনায় বেশ কয়েকটি সমুদ্রসৈকত ও জেটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, রোববার শক্তিশালী ঢেউয়ের আঘাতে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

বে এরিয়া অঞ্চলের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে, উপকূলে ৩৫ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। পাশাপাশি বিপজ্জনক সমুদ্রস্রোত ও আকস্মিক বড় ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সমুদ্রের পানি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। বিশেষ করে পাথুরে উপকূল ও জেটি এলাকায় না যাওয়ার এবং সমুদ্রের দিকে পিঠ দিয়ে না দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শনিবার সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুট বা ১৫ দশমিক ২ মিটারের বেশি উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়। তবে এসব বিশাল ঢেউ উপভোগ করতে হাফ মুন বে এলাকার বিখ্যাত মাভেরিক্স সৈকতে ভিড় করেন সার্ফাররা।

অন্যদিকে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কাপিটোলা শহরের কাছে পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সেখানে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করে সান্তা ক্রুজ কাউন্টি শেরিফ অফিস।

এছাড়া ভেনচুরা, ম্যানহাটন বিচ, হান্টিংটন বিচ এবং সান ডিয়েগোর প্যাসিফিক বিচসহ বিভিন্ন এলাকার জেটিতে চলাচল বন্ধ রাখা হয়।

রোববার বিকেলের দিকে ঢেউয়ের তীব্রতা কিছুটা কমলেও পুরো সপ্তাহজুড়ে বড় ঢেউ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান সুপার এল নিনোর প্রভাবে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি এবং পানির প্রসারণের বিষয়টিও পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। উপকূলীয় এলাকাগুলোতে তাই সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।