দেশজুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা জারি করা হয়। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে হবে। বিশেষ করে প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদারেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় টহল ও নজরদারি বাড়াতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর থানার পুলিশকে আশপাশের এলাকায় টহল বাড়াতে বলা হয়েছে।

এ ছাড়া যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেখানেও রাতের বেলায় নিরাপত্তা টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা আরও শক্তিশালী করতে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক।

পাশাপাশি পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও।

সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।