বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। গত মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ এখনো দ্বীপে অবস্থান করছেন।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে। এ নির্দেশনার আওতায় কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ নৌপথ রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভান ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে যাওয়া এক হাজারের বেশি পর্যটক এখনো সেখানে অবস্থান করছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তারা কক্সবাজারে ফিরতে পারবেন।
দ্বীপের পশ্চিম পাড়ার একটি রিসোর্টে অবস্থানরত পর্যটক মাহবুব আহমদ শাকিল জানান, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি দেখে স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে মনে হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে এলে একই টিকিটে পরবর্তী সময়ে ভ্রমণ করা যাবে। অন্যথায় টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
গত ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। চলতি মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণ ও সেখানে রাত্রিযাপন করতে পারবেন।

মন্তব্য করুন