বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলিমরা। ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।গবেষণা অনুযায়ী, মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়লেও বিশ্ব জনসংখ্যায় খ্রিষ্টানদের অনুপাত প্রায় ৩০ শতাংশের কাছাকাছি থাকতে পারে। বর্তমানে খ্রিষ্টানরাই বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী।

পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় ১৯১০ থেকে ২০২০ সাল পর্যন্ত জনসংখ্যার পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এতে খ্রিষ্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন—এমন সাতটি জনগোষ্ঠীকে বিবেচনায় নেওয়া হয়েছে। জন্মহার, মৃত্যুহার, অভিবাসন ও ধর্ম পরিবর্তনের প্রবণতার ভিত্তিতে ভবিষ্যতের হিসাব করা হয়েছে।

গবেষকদের মতে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ তুলনামূলক কম বয়সী জনগোষ্ঠী এবং বেশি সন্তান জন্মদানের হার। মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫।

গবেষণায় বলা হয়েছে, মুসলিম জনসংখ্যার বড় অংশ এমন দেশগুলোতে বাড়বে, যেখানে আগে থেকেই মুসলিমদের সংখ্যা বেশি। তবে ২০৭০ সালের মধ্যে কোনো দেশ খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে খ্রিষ্টান জনসংখ্যাও বাড়বে, তবে তুলনামূলক ধীরগতিতে। ধর্ম পরিবর্তনের কারণে কিছু মানুষ খ্রিষ্টান ধর্ম ছেড়ে অন্য ধর্মে বা ধর্মহীন জনগোষ্ঠীতে যুক্ত হওয়ায় এই বৃদ্ধির গতি কমতে পারে।

গবেষণায় আরও বলা হয়েছে, খ্রিষ্টান ও মুসলিম উভয় জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি বাড়বে সাব-সাহারান আফ্রিকায়। ২০২০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ১৪ শতাংশ এই অঞ্চলে বসবাস করলেও ২০৭০ সালে তা এক-চতুর্থাংশ ছাড়িয়ে যেতে পারে।

এই অঞ্চলে মুসলিমদের সংখ্যা ২০২০ সালের ৩৬ কোটি ৯০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৯৮ কোটিতে পৌঁছাতে পারে। অন্যদিকে খ্রিষ্টানদের অনুপাত প্রায় ৬০ শতাংশ থাকবে বলে ধারণা করা হয়েছে। ২০৬০ সালের মধ্যে বিশ্বের অর্ধেক খ্রিষ্টান এই অঞ্চলে বসবাস করতে পারেন।

এ পরিবর্তনের প্রভাব পড়তে পারে খ্রিষ্টানদের ভৌগোলিক অবস্থানেও। ২০৭০ সালের মধ্যে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে খ্রিষ্টানদের সংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। তখন দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি খ্রিষ্টানের বসবাস হতে পারে।

উত্তর আমেরিকায় (মেক্সিকো বাদে) খ্রিষ্টানদের অনুপাত ৬৩ শতাংশ থেকে কমে ৪৬ শতাংশে নেমে আসতে পারে। ইউরোপেও মুসলিম ও ধর্মহীন মানুষের সংখ্যা বাড়বে। তবে এসব অঞ্চলে খ্রিষ্টানরাই সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হিসেবে থাকতে পারেন।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, পশ্চিমা বিশ্বের কিছু ডানপন্থী রাজনীতিক মুসলিমদের আধিপত্য বিস্তারের আশঙ্কা প্রকাশ করলেও জনসংখ্যার এই পূর্বাভাসে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে গবেষকেরা জানিয়েছেন, অভিবাসন ও ধর্ম পরিবর্তনের প্রবণতা ভবিষ্যতে বদলে যেতে পারে। ফলে এসব পূর্বাভাস নিশ্চিত নয়। এ ছাড়া অধিকাংশ তথ্য মানুষের নিজস্ব ধর্মীয় পরিচয়ের ওপর নির্ভরশীল হওয়ায় প্রকৃত ধর্মবিশ্বাসীর সংখ্যা নির্ধারণেও কিছু সীমাবদ্ধতা রয়েছে।