ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ওড়িশা থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় মোতায়েন করা হয়েছে ৪২৩টি দল। পাশাপাশি প্রতিবেশী অন্ধ্রপ্রদেশের দুটি জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয় আকভান।

ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথেও পরিবর্তন এসেছে। শুরুতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পূর্বাভাস থাকলেও পরে তা সরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে আসে।

পরিস্থিতি মোকাবিলায় দুই রাজ্যেই সতর্কতামূলক প্রস্তুতি জোরদার করা হয়েছে।