আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা, জিজান ও খামিস মুশাইত এলাকায় এসব সতর্কতা জারি করা হয়। খামিস মুশাইতে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টা ৪৯ মিনিট থেকে বিকেল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত ১২টি সতর্কবার্তা দেওয়া হয়। এর মধ্যে আবহা ও খামিস মুশাইত এলাকায় তিনবার করে, রিয়াদে দুবার এবং ওয়াদি আল-দাওয়াসির, আল-সুলাইয়িল, নাজরান ও আল-খারজ এলাকায় একবার করে সতর্কতা জারি করা হয়।
তবে বেশিরভাগ সতর্কতাই কয়েক মিনিটের মধ্যে প্রত্যাহার করা হয়। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করে হামলার আশঙ্কা কেটে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সতর্কতা তুলে নেয়।
এদিকে বৃহস্পতিবার হুথিদের হামলায় সৌদি রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির সাত ও আটতলার জানালা ভেঙে গেছে। বাইরের ধাতব আবরণের কিছু অংশও বেঁকে গেছে। আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
ভবনটি সৌদি রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত ছবিতেও ভবনটিকে পিআইএফ টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে।
অন্যদিকে, হুথিরা রিয়াদের আর্থিক এলাকায় দুই দফা হামলার দাবি করেছে। একই সঙ্গে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ জুবাইলের সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।
তবে এসব হামলার দাবির সবগুলোর বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন