যুক্তরাষ্ট্রের ডাটা সেন্টারগুলোর বিদ্যুৎ ব্যবহার মাঝারি আকারের কয়েকটি দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের সমান বা তার চেয়েও বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও তথ্য সংরক্ষণের চাহিদা বাড়ায় এসব কেন্দ্রের বিদ্যুৎ ব্যবহার দ্রুত বাড়ছে। এতে দেশটির বিদ্যুৎ সরবরাহ ও পরিবেশের ওপর নতুন চাপ তৈরি হচ্ছে।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি বৈজ্ঞানিক সাময়িকী নেচার সাসটেইনেবিলিটি-তে প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪০৩টি হাইপারস্কেল ডাটা সেন্টার সর্বোচ্চ ৯৯ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করেছে। গড় ব্যবহার ছিল প্রায় ৮২ টেরাওয়াট-ঘণ্টা।

তুলনায় ২০২৪ সালে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবহার ছিল ৮৭ দশমিক ২৬ টেরাওয়াট-ঘণ্টা। ভেনেজুয়েলার ৬৩ দশমিক ৩৫ এবং অস্ট্রিয়ার ৬১ দশমিক ৬ টেরাওয়াট-ঘণ্টা। প্রায় ৬০ লাখ জনসংখ্যার ডেনমার্কের বিদ্যুৎ ব্যবহার ছিল মাত্র ৩৬ দশমিক ০৬ টেরাওয়াট-ঘণ্টা।

শুধু বিদ্যুৎ ব্যবহার নয়, পরিবেশদূষণেও বড় ভূমিকা রাখছে এসব ডাটা সেন্টার। গবেষণা অনুযায়ী, বিশ্লেষণ করা কেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ ৩ কোটি ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে।

এদিকে, নর্থ আমেরিকান ইলেকট্রিক রিলায়েবিলিটি করপোরেশনের (এনইআরসি) ২০২৫ সালের দীর্ঘমেয়াদি মূল্যায়নে বলা হয়েছে, আগামী ১০ বছরে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির তুলনায় নতুন উৎপাদন সক্ষমতা বাড়ার গতি কম হতে পারে।

বিশেষ করে টেক্সাসে ডাটা সেন্টারের সংখ্যা বাড়ায় বিদ্যুৎ গ্রিডে নতুন সংযোগের আবেদন বেড়েছে। এসব চাহিদা পূরণে বিদ্যমান গ্রিডের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এআইয়ের ব্যবহার ও ডাটা সেন্টারের বিস্তার অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ সরবরাহে চাপ আরও বাড়তে পারে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও কার্বন নিঃসরণ বৃদ্ধির ঝুঁকিও তৈরি হবে। ফলে প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।