বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ওয়াই-ফাই ৮ (Wi-Fi 8) এবং ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ উন্মোচন করেছে বৈশ্বিক নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে নতুন এই প্রযুক্তি ও প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশে প্রতিষ্ঠানটির জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেড যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি ছিলেন সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। এ ছাড়া দেশের বিভিন্ন প্রযুক্তিপণ্য বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠানের তিন শতাধিক উদ্যোক্তা ও শীর্ষ কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে ব্রায়ান ডং বলেন, বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে কাজ করতে আগ্রহী টিপি-লিংক।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ওয়াই-ফাই ৮ প্রযুক্তি তৈরি করা হয়েছে আল্ট্রা-হাই রিলায়েবিলিটি বা ইউএইচআর নীতির ভিত্তিতে। এতে শুধু গতির চেয়ে নেটওয়ার্কের স্থিতিশীলতা, নিরবচ্ছিন্ন সংযোগ, বিস্তৃত কভারেজ এবং ধারাবাহিক কার্যক্ষমতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ওমাডা এক্সপার্ট প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিস্টেম ইন্টিগ্রেটর এবং প্রযুক্তি অংশীদারদের দক্ষতা বাড়ানো। এ কর্মসূচির আওতায় ‘ওমাডা এক্সপার্ট একাডেমি’ কারিগরি প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নে সহায়তা করবে।
এক্সেল টেকনোলজিস জানিয়েছে, বাংলাদেশের বাজারে আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি সম্প্রসারণ এবং দক্ষ প্রযুক্তি জনবল তৈরিতে টিপি-লিংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা।
নতুন এই উদ্যোগ দেশের নেটওয়ার্কিং খাতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে কতটা ভূমিকা রাখে, এখন সেটিই দেখার বিষয়।

মন্তব্য করুন