রাজধানীতে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’—এই প্রতিপাদ্য সামনে রেখে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে এবারের মেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবারের মেলায় অংশ নিয়েছেন দেশের ৩৮০ জন উদ্যোক্তা। মেলার মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।