খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর।
শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব পাওয়া গৌরবের বিষয়। তবে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব আরও বড়। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা জাতির কাছে অনন্য ও অসাধারণ।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, কারও সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।
তারেক রহমান বলেন, লাখো মানুষের জীবন, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গু মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। এ সময় তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব তাঁকেও অনুপ্রাণিত করে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে অতীতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করে।
প্রধানমন্ত্রী আশ্বাস দেন, মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখা এবং তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন