বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা নগরবাউল জেমস। চার দশকেরও বেশি সময় ধরে নিজের গান ও অনবদ্য পরিবেশনা দিয়ে মুগ্ধ করে রেখেছেন কোটি শ্রোতাকে। এবার এই জনপ্রিয় শিল্পীর নামে গড়ে তোলা হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’। সংগীত সংরক্ষণের পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে এই ফাউন্ডেশনের।

ইতোমধ্যে ফাউন্ডেশনটির নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কাজ শুরু হয়েছে। জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, নতুন বছরের শুরুর দিকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জেমস ফাউন্ডেশন গঠনের খবর ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিশ্চিত করেন রবিন। তিনি জানান, অনেক দিন ধরেই ফাউন্ডেশনটি গড়ে তোলার পরিকল্পনা চলছিল।

ফাউন্ডেশনের উদ্দেশ্য সম্পর্কে রবিন বলেন, দেশের মানুষ নগরবাউল জেমসকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেমসের গানগুলো যেন যথাযথভাবে সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে যায়, সেটিই ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

গত শতকের আশির দশকের শুরুতে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন জেমস। পরবর্তী সময়ে ‘নগরবাউল’ নামে পরিচিতি পান তিনি। ব্যান্ডের পাশাপাশি একক শিল্পী হিসেবেও গড়ে তোলেন নিজের অনন্য অবস্থান।

চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এখনো দেশ-বিদেশের কনসার্টে গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখছেন এই শিল্পী।

এবার তাঁর নামে ফাউন্ডেশন গঠনের উদ্যোগে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ। সংগীত সংরক্ষণ ও সামাজিক কাজের মাধ্যমে জেমসের অবদানকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে এই উদ্যোগ।