বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে পরিচালিত তদন্তের ফলাফলের ভিত্তিতে দেশভেদে পৃথক শুল্কহার প্রস্তাব করতে পারে ওয়াশিংটন। নতুন এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হতে পারে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে তদন্তের ফল প্রকাশ করার কথা রয়েছে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় গত মার্চে এ তদন্ত শুরু করে। তদন্তের আওতায় থাকা ১৬টি বাণিজ্য অংশীদার হলো বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন শুল্ক আগের আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত হতে পারে। তবে মেক্সিকো ও নরওয়ের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিতে সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্কসীমা বজায় রাখার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। মালয়েশিয়ার ক্ষেত্রে এই সীমা ১৯ শতাংশ হতে পারে। চীনের পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সাবেক মার্কিন বাণিজ্য দপ্তরের কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্তের ভিত্তিতে বিভিন্ন দেশের নির্দিষ্ট খাতের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক প্রস্তাব করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনসহ কয়েকটি দেশ অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াচ্ছে। অন্যদিকে চীন বলছে, তাদের রপ্তানি সক্ষমতা প্রতিযোগিতামূলক উৎপাদনের ফল।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক পরিকল্পনা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।