আওয়ামী লীগ নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক দলের পরিচয় হারিয়ে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটি আর কখনো বাংলাদেশে ফিরে এসে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তিনি দেশে ফিরতে পারবেন। এ বিষয়ে সরকার কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। বিষয়টি আইনানুগভাবে পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, দেশের বাইরে অবস্থান করা আওয়ামী লীগের নেতারা দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। কেউ অগ্নিসন্ত্রাস বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তি ও সংগঠন উভয়কেই বিচারের আওতায় আনার বিধান রয়েছে। ইতোমধ্যে দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত রয়েছে।
গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়ে তিনি জানান, রাজনৈতিক পক্ষপাত ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা হয়েছে।
গার্মেন্টস খাতের শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি নির্ধারণ করা হয়েছে। শ্রমিক অসন্তোষকে রাজনৈতিকভাবে উসকে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া মহান বিজয় দিবসের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যান্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন